04 August 2018

চলতি বছর হজ্জ করতে গিয়ে এখন পর্যন্ত ১৭ জন হাজির মৃত্যু


স্বদেশবার্তা ডেস্কঃ চলতি বছর হজ্জ করতে গিয়ে এখন পর্যন্ত ১৭ জন হাজির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৫ জন পুরুষ ও দুইজন নারী। এই হাজিদের মধ্যে ১৬ জনেরই মৃত্যু হয়েছে মক্কায় আর একজনের মৃত্যু হয়েছে জেদ্দায়।

বাংলাদেশ থেকে শুক্রবার রাত পর্যন্ত ৮১ হাজার ৭৮৩ জন হজ্জযাত্রী সৌদি আরব গিয়েছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৭ হাজার ৭২৫ জন এবার হজ্জ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছেন।

বাংলাদেশ হজ্জ অফিস মদিনায় মৌসুমী হজ্জ অফিসার জনাব এ বি এম আমিন উল্লাহ নূরী বলেন, মোট ২৩৬টি হজ্জ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে। এগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১১৬টি আর সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১২০টি। এই কর্মকর্তা জানিয়েছেন, হাজিদের জন্য নানা ধরনের সুবিধা করে দেয়া হয়েছে। তারা কোনও বিপদে পড়লে বা কোনও সমস্যা হলে ৯১১ নাম্বারে কল করে সহযোগিতা নিতে পারবেন। আগের তুলনায় হজ্জ যাত্রীদের সুবিধার জন্য সৌদি সরকার এবার নানা ধরনের সুবিধা প্রদান করছে। তাদের ঠিকভাবে খেয়াল রাখা হচ্ছে।

উল্লেখ্য, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এবার মোট এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজ্জযাত্রী সৌদি আরব যাচ্ছেন। গত ১৪ জুলাই হজ্জযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যায়। আর আগামী ২৭ আগস্ট হজ্জযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট বাংলাদেশের উদ্দেশ্যে সৌদি আরব ছাড়বে।


শেয়ার করুন

0 facebook: