01 September 2018

সিলেটে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত


সিলেট প্রতিনিধিঃ সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় ছুরিকাঘাতে আওয়ামী লীগ কুয়েত শাখার সাংগঠনিক সম্পাদক এসএম আব্দুল আহাদ (৪০) নিহত হয়েছেন। আহাদ মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার করিমপুর মেদিনী মহলের হাজী নুর মিয়ার ছেলে। তিনি সিলেট বিভাগীয় লেখক ফোরাম কুয়েত শাখার সাধারণ সম্পাদকও ছিলেন।

ওসমানী মেডিকেল কলেজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহমদ জানান, শুক্রবার রাত সোয়া ১১টায় হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডে মারা যান আহাদ। এর আগে রাত সাড়ে ১০টার দিকে আহাদকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে জরুরি বিভাগ থেকে অর্থোপেডিক ওয়ার্ডে রেফার্ড করা হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা ফারুক আহমদ আরও জানান, অতিরিক্ত রক্তক্ষরণে আব্দুল আহাদের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ১০টার দিকে নগরীর জিন্দাবাজারের সিটি সেন্টার মার্কেটের সামনে একদল যুবক হঠাৎ তাকে ঘিরে ধরে ছুরিকাঘাত করেন। এতে আহাদের পেট ও শরীরের বিভিন্ন স্থান আঘাতপ্রাপ্ত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহাদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসমানী হাসপাতালে থাকা পুলিশ সদস্যরা জানান, বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভায় যোগ দিতে সিলেটে এসেছিলেন আহাদ। শুক্রবার রাতে তার বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, কী কারণে এ ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


শেয়ার করুন

0 facebook: