06 August 2018

ফখরুল, রিজভী ও আমীর খসরুর বিরুদ্ধে মামলা


স্বদেশবার্তা ডেস্কঃ ছাত্রছাত্রীদের নিরাপদ সড়কের আন্দোলনে উস্কানি দিয়ে দাঙ্গা সৃষ্টি চেষ্টার অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির তিন নেতার বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে একটি মামলা হয়েছে।

আজ সোমবার সকালে ঢাকা সিএমএম আদালতে এ মামলা দায়ের করেছেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।

ঢাকা মহানগর হাকিম এ এইচ এম তোহার আদালতে বেলা ১১টার দিকে ওই মামলার শুনানি হবে বলে জানা গেছে।

মামলার অপর দুই আসামি হলেন- বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু আহমুদ চৌধুরী।

মামলার অভিযোগে বলা হয়, ছাত্রছাত্রীদের নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনে নাশকতা সৃষ্টির জন্য গত ৪ আগস্ট আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রুহুল কবির রিজভীর নির্দেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী মোবাইল ফোনে জনৈক বিএনপির কর্মীর নওমীকে কর্মীদেরকে নিয়ে ঢাকা এসে ওই আন্দোলনে নেমে পড়তে বলেন। ওই নির্দেশনার মাধ্যমে তারা দাঙ্গা সৃষ্টির চেষ্টা করেছিলেন।


এ ছাড়া আসামি মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভী ওই আন্দোলনে তাদের কর্মীদের ঢুকিয়ে দিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগসহ নাশকতা ঘটিয়েছেন।    


শেয়ার করুন

0 facebook: