04 March 2019

কেমিক্যাল গুদাম সরানোর অভিযানে ব্যবসায়ীদের বাধা


স্বদেশবার্তা ডেস্কঃ তৃতীয় দিনেও বাধা মুখে পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানোর অভিযান। তবে বাধা উপেক্ষা করেই অভিযান চালিয়েছে সিটি করপোরেশন। গতকাল রোববার দুপুর ১২ টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গঠিত টাস্কফোর্সের একটি দল চকবাজারের চুড়িহাট্টার নন্দ কুমার লেনে অভিযান শুরু করে।

অভিযানের নেতৃত্ব দিচ্ছেন সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্যকর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ খান। তৃতীয় দিনে একাধিক দলে ভাগ হয়ে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় যায় ঢাকা সিটি করপোরেশনের অভিযানকারী দল।

এর আগে শনিবার  বকশিবাজারে এলাকাবাসীর বিক্ষোভের কারণে অভিযান সাময়িক স্থগিত করা হয়েছিল। তাই আজ বিপুল সংখ্যক পুলিশ অভিযানে অংশ নিয়েছেন। দক্ষিণ সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তার নেতৃত্বাধীন দলটি শুরুতেই ব্যবসায়ীদের বাধার মুখে পড়ে। চকবাজারে একটি কারখানায় ঢুকলে বাইরে অভিযান বন্ধে স্লোগান দিতে থাকেন ব্যবসায়ীরা। কার্যত ঘণ্টা দুয়েক অবরুদ্ধ থাকে দলটি।

পরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সরিয়ে দেন মিছিলকারীদের। আবারো শুরু হয় অভিযান। বিচ্ছিন্ন করা হয় বেশ কয়েকটি ভবনের বিদ্যু, গ্যাস ও পানির সংযোগ।

তবে অন্য দলগুলো কোনো বাধার মুখে পড়েনি। তারাও তালিকা ধরে অভিযান চালান। তিনটি ভবনে আগে থেকেই রাসায়নিক সরিয়ে ফেলায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। তবে বাকিগুলোর সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এই অভিযান নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, যতো বাধাই আসুক টাস্কফোর্সের এই অভিযান চলবেই। আবাসিক এলাকা থেকে গুদাম সরাতে দক্ষিণ সিটি করপোরেশন এই অভিযান চালাবে পয়লা এপ্রিল পর্যন্ত।


শেয়ার করুন

0 facebook: