Showing posts with label ব্যবসা ও বাণিজ্য. Show all posts
Showing posts with label ব্যবসা ও বাণিজ্য. Show all posts

11 November 2019

পাকিস্তান থেকে ১৫ বছর পর পেঁয়াজ আমদানি করছে বাংলাদেশ

পাকিস্তান থেকে ১৫ বছর পর পেঁয়াজ আমদানি করছে বাংলাদেশ



স্টাফ রিপোর্টার।।জানাগেছে, সম্প্রতি করাচি ভিত্তিক রোশান এন্টারপ্রাইজের সঙ্গে ঢাকার তাসো এন্টারপ্রাইজের মধ্যে ৩০০ টন পেঁয়াজ নিয়ে চুক্তি হয়েছে।

পাকিস্তানের দ্য নিউজ ইন্টারন্যাশনাল তাদের এক প্রতিবেদনে জানায়, ট্রেড ডেভেলপমেন্ট অথোরিটি অব পাকিস্তানের (টিডিএপি) এক কর্মকর্তা খবরটি নিশ্চিত করেছেন।

এতে বলা হয়, প্রতিবেশী দেশের ওপর ভারতীয় সবজি রপ্তানির নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের স্থানীয় বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে।

ওই কর্মকর্তা জানায়, কমপক্ষে ১২ কনটেইনার পেঁয়াজ বাংলাদেশে যাবে। এরপর আরও রপ্তানি হবে।

ভারতীয় নিষেধাজ্ঞার কারণে পাকিস্তান সম্ভাব্য বাজার হিসেবে হাজির হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

তিনি আরও জানান, পেঁয়াজ বাণিজ্য নিয়ে দুই দেশের সরকারও একমত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ প্রতিবছর ৭ লাখ থেকে ১১ লাখ টন পেঁয়াজ আমদানি করে। এর ৭৫ ভাগই যায় ভারত থেকে।

পাকিস্তানি পণ্যের বাজার হিসেবে বাংলাদেশ বেশ গুরুত্বপূর্ণ গন্তব্য বলেও জানানো হয় প্রতিবেদনে। এশিয়ার মধ্যে চীনের পর বাংলাদেশেই বেশি পণ্য রপ্তানি করে দেশটি।

স্থানীয় বাজারে সরবরাহ নিশ্চিত করার জন্য তুরস্ক, মিয়ানমার ও মিসরের মতো বিকল্প বাজারের সন্ধান করছে ঢাকা।

08 November 2019

পেঁয়াজ ১০০ টাকার কমে পাওয়ার সম্ভাবনা নেইঃ বাণিজ্যমন্ত্রী

পেঁয়াজ ১০০ টাকার কমে পাওয়ার সম্ভাবনা নেইঃ বাণিজ্যমন্ত্রী




স্টাফ রিপোর্টার।। পেঁয়াজের দাম ১০০ টাকার নিচে নামার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ‘আমরা চেষ্টা করছি। তবে পেঁয়াজ ১০০ টাকার নিচে পাওয়ার কোনো সম্ভাবনা আপাতত নেই। এ মাসের শেষের দিকে দেশে উৎপাদিত পেঁয়াজ বাজারে আসলে দাম কমবে। তার আগে হয়তো সম্ভব হবে না।’

শুক্রবার সকালে রংপুর নগরীর একটি হোটেলে ইটভাটা মালিকদের এক অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

টিপু মুনশি বলেন, ভারত থেকে আমরা মূলত পেঁয়াজ আমদানি করে থাকি। সেখানে পেঁয়াজের দাম বেড়ে গেছে। সেখানেই পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে কিনতে হবে। আমাদের দেশে আসার পর তা ১০০ টাকা দর পড়ে যাবে। ফলে ভারত থেকে পেঁয়াজ আমদানি করে আপাতত কোনো লাভ হবে না।

মিশর থেকে পেঁয়াজ আসার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘মিশর থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আসার কথা। সেটা আসলেও দাম একটু কমতে পারে বলে মনে হয়।’

পেঁয়াজের বাজার মনিটরিং নিয়ে টিপু মুনশী বলেন, পেঁয়াজের বাজার মনিটরিং করার জন্য মন্ত্রণালয়ে একজন উচ্চ পদস্থ কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি সেটি দেখভাল করবেন।

03 November 2019

‘পেঁয়াজের দাম নিয়ে হাহাকার’ দীর্ঘ লাইনে এক কেজি পেঁয়াজের জন্য রোদে পুড়ে শত শত মানুষ

‘পেঁয়াজের দাম নিয়ে হাহাকার’ দীর্ঘ লাইনে এক কেজি পেঁয়াজের জন্য রোদে পুড়ে শত শত মানুষ


স্টাফ রিপোর্টার।। এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের প্রতি কেজিতে ৪০ টাকা দাম বেড়ে ১৬০ টাকা হয়েছে।। ফলে পেঁয়াজের দাম নিয়ে হাহাকার থামছেই না।

এরআগে জনপ্রতি দুই কেজি পেঁয়াজ দিলেও রবিবার (০৩ নভেম্বর) থেকে এক কেজি করে পেঁয়াজ দিচ্ছে টিসিবি। কিন্তু তাতেও সমস্যা মনে করে পেঁয়াজের জন্য রোদে পুড়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন শত শত মানুষ।

টিসিবি রাজধানীর যে কয়টি পয়েন্টে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি করছে তার মধ্যে একটি সচিবালয় ও অন্যটি জাতীয় প্রেসক্লাবের মাঝের রাস্তায়।

সকালে প্রেসক্লাবে সামনে প্রখর রৌদ্রের মধ্যেই শত শত মানুষ টিসিবির ট্রাক থেকে পেঁয়াজ কিনতে ভিড় করতে দেখা গেছে। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও ক্রেতাদের সেই ভিড় কমছিল না।

ক্রেতারা জানান, বাজারে এক কেজি পেঁয়াজের দাম ১৬০ টাকা। এখানে এক কেজি পেঁয়াজের দাম ৪৫ টাকা। যদিও প্রচণ্ড রোদের মধ্যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। তবে কষ্ট হলেও এক কেজি পেঁয়াজে একশ টাকার বেশি সেভ হচ্ছে বলে জানান ক্রেতারা।

02 November 2019

ভারতকে চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে দেয়া খুব জরুরিঃ বাণিজ্যমন্ত্রী

ভারতকে চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে দেয়া খুব জরুরিঃ বাণিজ্যমন্ত্রী



স্টাফ রিপোর্টার।। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেছেন, ভারতকে চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে দেওয়া জরুরি দরকার। আমি কিছুদিন আগে উত্তর-পূর্ব ভারতে ঘুরে এসেছি। চট্টগ্রাম বন্দর ব্যবহার করার জন্য তারা খুব করে চাইছে। তারা বলছে কলকাতা বন্দর ব্যবহার করতে হলে তাদেরকে এক হাজার ২শ’ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয়। আর চট্টগ্রাম বন্দর তাদের জন্য ৬শ’ কিলোমিটার। তাই এটা করা (বন্দর ভারতকে ব্যবহারের জন্য দেওয়া) জরুরি দরকার। তাহলে আমাদের দেশের রাজস্ব আয় বাড়বে। চট্টগ্রাম বন্দরের উন্নতি হবে।

গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ডে চিটাগং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত ১৩তম আন্তর্জাতিক এসএমই এক্সপো-২০১৯ পণ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে পুরুষদের চেয়ে নারীদের ঋণ পরিশোধের আগ্রহ বেশি। তাদের সততা, ঋণ পরিশোধের প্রবণতা সবকিছুই ভালো। বাংলাদেশে নারীরা সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী যে অক্লান্ত পরিশ্রম করছেন এরজন্য নারীদের আরও এগিয়ে আসতে হবে।

চিটাগং উইমেন চেম্বার সভাপতি মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সোয়েমারনো, চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম, এশিয়ান আরব চেম্বার অব কমার্সের সভাপতি প্রিন্সেস ফে জাহান, ইন্ডিয়ান ইকোনমিক ট্রেড অর্গানাইজেশনের সভাপতি আসিফ ইকবাল, মালয়েশিয়া ওয়ার্লড অব চেম্বার অব কমার্সের ভিশন অ্যান্ড ডেভেলপমেন্ট প্রধান ড. দাতিন মালিগা সুব্রামানিয়াম, উইমেন চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি কামরুন মালেক, বাংলাদেশ ফ্যাশন ডিজাইনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মুনতাসা আহমেদ প্রমুখ।

31 October 2019

পেঁয়াজের বাড়তি দামের বোঝা ভোক্তাদের আরও কিছুদিন বইতে হবেঃ বাণিজ্যমন্ত্রী

পেঁয়াজের বাড়তি দামের বোঝা ভোক্তাদের আরও কিছুদিন বইতে হবেঃ বাণিজ্যমন্ত্রী

File Photo

স্টাফ রিপোর্টার।। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পেঁয়াজের বাড়তি দামের বোঝা ভোক্তাদের আরও কিছুদিন বইতে হবে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরার নবরাত্রি হলে ‘লেদারটেক বাংলাদেশ ২০১৯’ এর প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, পেঁয়াজের দাম না কমার জন্য কিছু অসাধু ব্যবসায়ীও দায়ী। সরকারের ১০টি মনিটরিং টিম কাজ করছে। কিন্তু মনিটরিং করে পেঁয়াজের দাম শতভাগ কমিয়ে আনা সম্ভব নয়। খুচরা বাজার পুরোপুরি নিয়ন্ত্রণ করাও সম্ভব নয়।

তিনি বলেন, আমরা মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করছি। টেকনাফে ল্যান্ড করতে পেঁয়াজের আমদানি খরচ প্রতিকেজি পড়েছে ৭৫ টাকা। তাই পেঁয়াজের দাম কমছে না। মিসর থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। এতো দূর থেকে পেঁয়াজ আমদানি করতে ব্যবসায়ীদের মাইন্ড সেটআপ করতেও একটু সময় লেগেছে। তাই ধীরে ধীরে পেঁয়াজের বাজারে স্থিতিশীলতা আসবে।

এ সমস্যা সমাধান করতে হলে পেঁয়াজের আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন তিনি। আগামী মৌসুমে সরকার পেঁয়াজের আমদানি বন্ধ রাখার কথা ভাবছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।