09 February 2019

ভারতে মদ খেয়ে ৭০ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর ভারতের কয়েকটি গ্রামে ভেজাল মদ খেয়ে ৭০ জনের মৃত্যু হয়েছে। মদে বিষাক্ত মিথানল থাকায় দেশটির উত্তর প্রদেশ ও উত্তরাখন্ডে গত তিনদিনে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বেশ কয়েকজন।

আজ শনিবার দেশটির গণমাধ্যমের একটি প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে বলেও জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এই ঘটনার তদন্তের দায়িত্বে থাকা জেষ্ঠ্য পুলিশ কর্মকর্তা অশোক কুমার জানিয়েছেন, উত্তর প্রদেশ রাজ্যের সাহারনপুর জেলায় ৩৬ জন এবং কুশিনগর জেলায় ৮ জন নিহত হয়েছে। এ ছাড়া উত্তরাখন্ডে মারা গেছে ২৮ জন। উত্তরাখন্ডে বেশিরভাগ মৃত্যুর খবর বলপুর গ্রাম থেকে পাওয়া গেছে।

ভুক্তভোগীরা বৃহস্পতিবার রাতে দুটি স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে মদ্যপান করেন। লাশের ময়নাতদন্ত ও প্রাথমিক ফরেনসিক প্রতিবেদন অনুযায়ী, মদে রাসায়নিক দ্রব্য মিথানল ছিল বলেও জানান অশোক কুমার।

এ ঘটনায় সন্দেহভাজন আট বেআইনি মদ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে প্রাদেশিক সরকার ১২ পুলিশ সদস্যসহ ৩৫ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।

উত্তর প্রদেশে ২০১১ সাল থেকে এ পর্যন্ত ভেজাল মদপানে ১৭৫ জনের বেশি লোকের মৃত্যু হয়েছে। অবৈধ চোলাই মদ খেয়ে ভারতে প্রায়ই মৃত্যুর ঘটনা ঘটে। নিম্নবিত্ত পরিবারগুলো নিবন্ধিত ব্র্যান্ডের মদ কিনতে না পেরে চোলাই মদ পান করে থাকে। এ সকল পানীয়তে কীটনাশকের মতো রাসায়নিক ব্যবহার করা হয় বলেই মৃত্যুর ঘটনাগুলো ঘটে।


শেয়ার করুন

0 facebook: